বার্ডের ল্যাঙ্গুয়েজ মডেল পাল্টাবে গুগল

৩ এপ্রিল, ২০২৩ ০৯:৫৫  

চ্যাটজিপিটির বিকল্প হিসেবে মাত্র দুই সপ্তাহ আগে বার্ড (বিএআরডি) নামের নিজস্ব চ্যাটবট উন্মুক্ত করেছে গুগল। কিন্তু উন্মুক্তের পর ব্যবহারকারীদের কাছে খুব বেশি সাড়া ফেলতে না পাড়ায় শিগগিরই বার্ডের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করার কথা জানিয়েছেন গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই।

প্রযুক্তি পোর্টাল ভার্জের তথ্য অনুযায়ী, ডায়ালগ অ্যাপ্লিকেশনের বদলে ওই সংস্করণে যুক্ত হচ্ছে পাথওয়েজ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ মডেল।

প্রতিবেদনে দ্য ভার্জের জানিয়েছে, ডায়ালগ অ্যাপ্লিকেশনের জন্য ‘ভাষা মডেল’ (ল্যামডা) প্রায় দুই বছর আগে উন্মোচন করা হয়েছিল। বার্ড এই মডেলের মাধ্যমেই বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে। তবে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা না পাওয়ায় ভবিষ্যতে চ্যাটবটটিতে ‘পিএএলএম’ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হবে বলে জানিয়েছেন পিচাই। 

বার্ড চ্যাটবট হালনাগাদের বিষয়ে সুন্দর পিচাই জানিয়েছেন, ‘আমাদের কাছে আরও বেশ কিছু ল্যাঙ্গুয়েজ মডেল রয়েছে। শিগগিরই পিএএলএম ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হবে বার্ড চ্যাটবটে। ফলে কোডিং বা গাণিতিক বিভিন্ন প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পারবে চ্যাটবটটি।’  ২০২২ সালের প্রথম থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট ‘বার্ড’ নিয়ে কাজ করছিল গুগল। এই চ্যাটবট পরীক্ষামূলকভাবে গুগলের প্রকৌশলী ও পরীক্ষকেরা ব্যবহার করছিলেন। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বসবাসকারীরা নিবন্ধন করে চ্যাটবটটি ব্যবহার করতে পারছেন। ভবিষ্যতে অন্যান্য দেশের ব্যবহারকারীর জন্যও এই চ্যাটবটের সুবিধা আনা হবে।